ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ভারতের। কঠিন সমীকরণ সহজ করতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে রোহিত-কোহলিদের ৪-০ ব্যবধানে জিততে হবে। এরমাঝেই সদ্য বাবা হওয়ার পর প্রথম টেস্টে রোহিতের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সৌরভ গাঙ্গুলি চান এখনই রোহিত দলে যুক্ত হোক।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ বলেছেন, ‘আশা করছি, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। শুক্রবার তার সন্তানের জন্ম হয়েছে, তাই নিশ্চিত যে সে এখন যেতে পারে। যতদ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটাই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত। ম্যাচ তো এখনও সপ্তাহখানেক দূরে। এটা বড় একটা সিরিজ। এবারের পর আর অস্ট্রেলিয়া সফরে যাওয়া হবে না তার। সে দারুণ এক অধিনায়ক। তার নেতৃত্ব দিয়ে শুরু করা উচিত ভারতের।’
ভারতীয় সংবাদ মাধ্যমে খবর, প্রথম টেস্টে খেলবেন না রোহিত। দ্বিতীয় টেস্ট থেকে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফির লড়াই।







