রোহিঙ্গা যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ধুম্রজাল

হাসপাতালে গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবকসহ আহতরা বিশ্রাম নিচ্ছেন, পরিস্থিতি উদ্বেগজনক।. Channel i News – চ্যানেল আই নিউজ
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোহিঙ্গার গুলিবিদ্ধের ঘটনা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। গুলিবিদ্ধ রোহিঙ্গার দাবি, সেন্টমার্টিন থেকে ট্রলারযোগে ফেরার পথে জলসীমার মিয়ানমারের অংশ থেকে আকস্মিক ছোঁড়া গুলিতে তিনি আহত হয়েছেন।
তবে আইনশৃংখলা বাহিনীসহ প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার দিন ওই নৌরুট দিয়ে সেন্টমার্টিন থেকে কোন ট্রলার নাফ নদী হয়ে টেকনাফ আসেনি। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতে গুলিবিদ্ধ হয়ে কৌশলে পালিয়ে এসে চিকিৎসার জন্য মিথ্যাচার করে থাকতে পারে এই রোহিঙ্গা।
কক্সবাজার সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রোহিঙ্গা যুবকের নাম আলী জোহার (৩০)।
তার দেওয়া তথ্য মতে, তার পিতা হামিদ হোসেন। তিনি উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে পালিয়ে পরিবারের সাথে কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নিয়েছেন।
শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন আলী জোহার বলেন, বৃহস্পতিবার সেন্টমার্টিন থেকে চারটি ট্রলারে করে দ্বীপে আটকা পড়া লোকজনকে টেকনাফে নিয়ে আসা হয়। কিন্তু দ্বীপে আটকে থাকা সবাই সেই ট্রলারগুলোতে জায়গার সংকুলান না হওয়ায় উঠতে পারেননি। পরে ওইদিন বিকেলে ৩০ জন একজোট হয়ে একটি কাঠের ট্রলার ভাড়া করে রওনা দেন। শাহপরীর দ্বীপের পশ্চিমপাশ থেকে কূলে উঠার কথা থাকলেও ট্রলারের মাঝি সেটা না মেনে তাদেরকে নিয়ে যায় শাহপরীর দ্বীপের পূর্বপাশের ঘাটের দিকে।
চিকিৎসাধীন এ রোহিঙ্গা বলেন, একপর্যায়ে তাদের বহনকারি ট্রলারটি নাফ নদীর শাহপরীর দ্বীপের পূর্বে পৌঁছালে আকস্মিক জলসীমার মিয়ানমার অংশ থেকে দুইটি ট্রলার বের হয়ে সীমানার কাছাকাছি এসে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। সেই গুলি এসে লাগে তার ডান পায়ে।
আলী জোহার দাবি করেন, নাফ নদীর ৫ কিলোমিটার দূরত্ব থেকে তাদেরকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। আর গুলি লাগার পর সে অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছু বলতে পারে না। পরে জ্ঞান ফিরে দেখে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়।
মূলত একমাস আগে ক্যাম্প থেকে কাজের জন্য সেন্টমার্টিনে যান দাবি করেন তিনি। তবে আলী জোহারকে কোনদিনই সেন্টমার্টিন দ্বীপে দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান ও স্পীডবোট মালিক সমবায় সমিতির সভাপতি খোরশেদ আলম বলেন, বৃহস্পতিবার ৪টি ট্রলার ছাড়া আর কোন ট্রলার টেকনাফ যায়নি। নাফ নদীতে গোলাগুলি হচ্ছে তাই কোন ট্রলার নাফ নদী হয়ে টেকনাফ যাওয়ার প্রশ্নই আসে না। আলী জোহার হয়তো মিথ্যাচার করছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, বৃহস্পতিবার বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদের মালিকানাধীন ৪টি ট্রলারে করে প্রায় ৩০০ মানুষ বঙ্গোপসাগর হয়ে টেকনাফ পৌছায়। এর বাইরে আর কোন ট্রলার নাফ নদী কিংবা বঙ্গোপসাগর হয়ে টেকনাফ আসেনি।
তিনি বলেন, সব মাধ্যম থেকে খোঁজ-খবর নেয়া হয়েছে। এখন গুলিবিদ্ধ দাবি করা রোহিঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি হয়ত মিয়ানমারের অভ্যন্তরে গুলিবিদ্ধি হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। এখন চিকিৎসার জন্য মিথ্যাচার করছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, সেন্টমার্টিন থেকে বঙ্গোপসাগর হয়ে ৪টি ট্রলার ছাড়া আর কোন ট্রলার টেকনাফ আসেনি। এখন গুলিবিদ্ধ রোহিঙ্গা সেন্টমার্টিন থেকে ট্রলার যোগে টেকনাফ আসার পথে গুলিবিদ্ধি হয়েছে এই ধরণের কোন তথ্য নেই।





