কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে দুই শতাধিক ঘর। উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে এ আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
স্থানীয়দের বরাতে ৮ এপিবিএন এর অধিনায়ক মো. আমির জাফর জানান, শনিবার দুপুর ১ টার দিকে ক্যাম্পটির ডি-৩ ব্লকের কাঁঠালতলী বাজারে আগুন লাগে। মুহুর্তেই তা কাঁঠালতলী বাজারসহ ক্যাম্পের আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এপিবিএন পুলিশ তাৎক্ষণিক উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রামু স্টেশনের আরও ১টি ইউনিট তাদের সাথে যোগ দিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে যায় ক্যাম্পের ২ শতাধিক ঘর। তবে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের ২ শতাধিক ঘরের পাশাপাশি এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগেছিল। এতে হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে যায় ৩ শতাধিক বসত ঘরসহ নানা স্থাপনা।








