সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী স্পেনিয়ার্ড রদ্রিকে ভোগাচ্ছে চোট। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে অধিকাংশ ম্যাচ খেলা হয়নি তার। চলতি মৌসুমের শুরুর দিকেও মাঠে ফেরা হচ্ছে না এই মিডফিল্ডারের। সিটি কোচ পেপ গার্দিওলা বিষয়টি জানিয়েছেন।
এসিএল ইনজুরিতে গত মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাইরে কাটান। ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরেন। আল হিলালের বিপক্ষে ম্যাচে নেমে নতুন চোটে আক্রান্ত হন রদ্রি।
রদ্রির চোট নিয়ে গার্দিওলা বলেছেন, ‘এসিএল চোট কাটিয়ে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলতে সিটির হয় ফিরেছিলেন রদ্রি। তারপরে আবারও চোট পান তিনি। রদ্রির এখন পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে সেপ্টেম্বর পর্যন্ত।’
‘আল-হিলালের বিপক্ষে শেষ ম্যাচে রদ্রি বড় চোট পান। তবে শেষ দুই অনুশীলনে ফিরেছেন, ভালো করেছেন। আশা করি আন্তর্জাতিক বিরতির পর পুরোপুরি ফিট হয়েই মাঠে ফিরবেন।’
গত মৌসুমের সিটির হয়ে কেবল ৮ ম্যাচ খেলেছেন রদ্রি। স্পেন তারকাকে এসিএল ও হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে থাকতে হয় ২৭০ দিন।







