সাউথ কোরিয়ায় সরকারি অফিসের সিঁড়ি থেকে পড়ে একটি রোবট বিকল হয়ে গেছে। কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়া ওই রোবটটি কাজের চাপে স্বেচ্ছামৃত্যুর পথ বেছে নিয়েছে কিনা, এমন প্রশ্ন তুলেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সংবাদ মাধ্যম সিএনএ জানিয়েছে, ২০২৩ সালের আগস্টে সাউথ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্বে নিয়োগ করা হয়েছিল রোবটি। এটি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। দৈনিক নথি সরবরাহ, শহরে প্রচারণা চালানো এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদান করতো রোবটটি।
রোবট অফিসারটি গত সপ্তাহে দুই মিটার উঁচু সিঁড়ি থেকে নিচে পড়ার পর অকেজো অবস্থায় পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গায় ঘুরতে দেখেছেন। রোবটটির পড়ে যাওয়ার কারণ উদঘাটনে তদন্ত চলছে। রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করা হয়েছে এবং কোম্পানি সেটি বিশ্লেষণ করবে।
রোবটটির এই করুণ পরিণতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সাউথ কোরিয়ায়। অনেকে বলছেন, প্রতিদিন ৯ ঘন্টা টানা কাজ করত রোবটটি। যা অফিসের মানব কর্মচারীদের চেয়ে অনেক বেশি। কাজের চাপ সামলাতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই রোবট।







