ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ। এরইমধ্যে বিশেষ ফ্লাইটে পাকিস্তান ছেড়েছেন বাংলাদেশ দুই তরুণ ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তাদের সাথে আছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও।
বিদেশি ক্রিকেটারদের নিরাপদে পাকিস্তান থেকে সরিয়ে নিতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার রাতে বিশেষ ফ্লাইটটি দুবাইয়ের পথে পাকিস্তান ছেড়ে গেছে। নাহিদ-রিশাদদের সঙ্গে একই ফ্লাইটে আছেন ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনসহ অন্য বিদেশি ক্রিকেটাররাও।
দুবাইয়ে পৌঁছার পর বাংলাদেশের ফ্লাইট ধরবেন রিশাদ ও নাহিদ। সংযুক্ত আরব আমিরাত সিরিজের আরও কয়েকদিন দেরি থাকায় দেশে ফিরবেন তারা। বাকি বিদেশি ক্রিকেটাররাও নিজ নিজ দেশে ফিরে যাবেন দুবাই থেকে।
শনিবার বিকেলে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন রিশাদ ও নাহিদ। দুই ক্রিকেটারের পাশাপাশি পিএসএল কাভার করতে পাকিস্তানে গিয়েছিলেন যে দুই ক্রীড়া সাংবাদিক, তাদেরও নিরাপদে ফেরা নিশ্চিত করেছে বিসিবি। ক্রিকেটারদের ফ্লাইটেই দেশে ফিরে আসবেন তারাও।







