ইডেন গার্ডেন্সে বিরাট কোহলির উপহার দেয়া ব্যাট ভেঙে ফেলেছেন রিংকু সিং। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামার আগে কোহলির কাছে আরও একটা ব্যাট চেয়ে বসেছেন। তবে হতাশ হয়েছেন কলকাতা নাইট রাইডার্স ব্যাটার।
গত ২৯ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারায় কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুতে ম্যাচের পর রিংকুকে ব্যাট উপহার দিয়েছিলেন রয়্যালদের তারকা ব্যাটার বিরাট কোহলি। শনিবার নেটে অনুশীলনের সময় কোহলির উপহার দেয়া সেই ব্যাটটি ভেঙে যায়।
পরে আরেক ম্যাচের আগে ইডেনে অনুশীলনে নেমেছিল বেঙ্গালুরু। এসেছেন কোহলিও। তাকে দেখে রিংকু কিংবদন্তি ব্যাটারের কাছে যান। কোহলির দুটি ব্যাট হাতে নিয়ে পরীক্ষা করেন। সঙ্গে জানান কোহলির দেয়া ব্যাটটি ভেঙে গেছে কীভাবে। পরে বলেন, ‘তোমার দেয়া ব্যাটটা ভেঙে গেছে। আর একটা দাও।’
ব্যাট ভেঙে যাওয়ার কথা শুনে রিংকুকে কোহলি বলেন, ‘কেমন ব্যাট হলে তোমার খেলতে সুবিধা হবে।’ কলকাতা ফিনিশারের উত্তরের আগেই তাকে হতাশ করেন কোহলি। বলেন, ‘টুর্নামেন্টের মাঝে তোমাকে দুটো ব্যাট দিয়ে দিলে আমার সমস্যা হতে পারে।’
পরে আর কথা বাড়াননি রিংকু। কোহলি ব্যাট ফিরিয়ে দিয়ে বলেন, ‘এই ধরো তোমার ব্যাট।’ তবে রিংকুকে নতুন ব্যাট দেয়ার আশ্বাস দিয়েছেন কোহলি। রিংকু এবং কোহলির সেই মুহূর্তের ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।







