চলতি বছরই মুক্তি পেতে যাচ্ছে রিডলি স্কটের ‘গ্ল্যাডিয়েটর টু’। তবে এই প্রস্তুতির মাঝেই নির্মাতা দিলেন নতুন খবর। আসছে সিনেমাটির তৃতীয় কিস্তি।
এক সাক্ষাৎকারে হলিউড রিপোর্টারকে নিজের পরবর্তী ছবি সম্পর্কে জানালেন ৮৬ বছর বয়সী রিডলি স্কট। ‘গ্ল্যাডিয়েটর টু’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নির্মাতা বলেন, ‘আমি বরং গ্ল্যাডিয়েটর থ্রি প্রসঙ্গে বলতে চাই।’
স্কট জানিয়েছেন, সিনেমাটির পরবর্তী কিস্তির জন্য তিনি অনুপ্রেরণা হিসেবে ‘গডফাদার টু’কে বেছে নিয়েছেন।
হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। প্রথম কিস্তি মুক্তির ২০ বছর পর ছবিটির সিকুয়েল আনছেন নির্মাতা। আগামী ২২ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘গ্ল্যাডিয়েটর টু’।
প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করবেন না রাসেল ক্রো। ‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন পল মেসকাল। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে। ‘লুসিয়া’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস







