২০১৭ সালে সুইডিশ চিত্রকর জোয়ান ইয়োসেফকে বিয়ে করেন সমকামী খ্যাতিনাম পপ তারকা রিকি মার্টিন। এবার দীর্ঘ ৬ বছরের সেই সম্পর্কের বিচ্ছেদের ঘোষণা করলেন রিকি।
রিকি এবং জোয়ান তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। যেখানে লেখা হয়েছে, ‘‘সন্তানদের জন্যই ভালবাসা, সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা আমাদের বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি।’’
বিবৃতিতে তারা আরো লিখেছেন, ‘‘একজোট হয়ে সন্তানদের প্রতিপালনের জন্য আমাদের বন্ধুত্বের উপর নির্ভর করে একটা সুস্থ পরিবার গড়ে তোলাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।’’
২০১৮ সালে এই দম্পতি সারোগেসির মাধ্যমে এক কন্যাসন্তান লাভ করেন। তার নাম লুসিয়া। পরের বছর তাদের পরিবারে আসে সন্তান রেন। যদিও এর আগে ২০০৮ সালে ‘সিঙ্গল পেরেন্ট’ হিসেবে রিকির যমজ সন্তান মাত্তিয়ো এবং ভ্যালেন্তিনোর জন্ম হয়।
জানা গেছে, ২০১৫ সালে রিকি এবং জোহানের প্রথম আলাপ হয় ইনস্টাগ্রামে। এর ছয় মাস পর তারা সম্পর্কে জড়ান। তবে সবটাই ছিল আড়ালে। ২০১৬ সালে তারা প্রথম তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন।
অতীতে একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিকি। একাধিক সাক্ষাৎকারে বোঝা যায়, নিজের যৌন অবস্থান নিয়ে দীর্ঘদিন দ্বন্দে ছিলেন তিনি। তবে ২০১০ সালে ব্যক্তিগত ওয়েবসাইটে প্রথম নিজেকে সমকামী বলে ঘোষণা করেন রিকি।
সূত্র: পিঙ্কভিলা







