৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এ ফলাফলে মোট ৬ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার্থীরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের এসএমএস সেবার মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।
এর আগে পিএসসির ঘোষিত পরীক্ষা ক্যালেন্ডার অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ছিল ৩০ জুলাই। তবে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ফল প্রকাশ করা হলো। নতুন সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে।
যদিও পিএসসি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের গতি বাড়িয়েছে, তবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় এখনও ধীরগতি রয়ে গেছে। চূড়ান্ত ফল প্রকাশের পর কমিশন সুপারিশ পাঠালেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে নিয়োগে বিলম্ব হচ্ছে।
তথ্য অনুযায়ী, ৪৫তম, ৪৬তম ও ৪৯তম বিসিএসের চূড়ান্ত সুপারিশের প্রায় আট মাস পেরিয়ে গেলেও ভেরিফিকেশন শেষ না হওয়ায় অনেক প্রার্থী এখনও চাকরিতে যোগ দিতে পারেননি। এর মধ্যেই ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হওয়ায় নিয়োগপ্রক্রিয়ার ধীরগতির বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ১ হাজার ৭৫৫টি। সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তা নিয়োগের পরিকল্পনা রয়েছে।







