ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে নির্দিষ্ট সময়ের জন্য বহিরাগতদের প্রবেশ ও সাধারণ যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে সাধারণ যানবাহনের প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহনের পাশাপাশি অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের যানবাহন, রাইড-শেয়ারিং সেবা, খাদ্য সরবরাহকারী যান, অনলাইন শপিং ডেলিভারি এবং অন্যান্য জরুরি সরকারি সেবার যানবাহন নির্ধারিত প্রবেশপথ ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। তবে গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বিপুলসংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। এ কারণে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









