ঢাবিতে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে গাড়ির ধাক্কায় মার্কেটিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। গাড়ি চালানো শেখার সময় ব্রেকের বদলে ভুল করে এক্সিলারেটরে চাপ দেওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাড়িচালক।
আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় জড়িত গাড়িটি চালাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাদমান সাকিব। ঘটনার পর তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।
সেখানে সাংবাদিকদের সাদমান সাকিব বলেন, তিনি গাড়ি চালানো শিখছিলেন। এ সময় ব্রেক চাপতে গিয়ে ভুল করে এক্সিলারেটরে চাপ দেন। এতে গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. শহিদুল ইসলামের ছেলে বলে পরিচয় দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন এবং কয়েকজন ব্যবসায় শিক্ষা অনুষদের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে এক শিক্ষার্থীকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা আরও কয়েকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা গাড়িতে থাকা দুজনকে মারধর করেন এবং গাড়িটি ভাঙচুর করেন। পরে গাড়িচালক সাদমান সাকিবকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়।
এদিকে, ঘটনার পর মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী করে মামলা করার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় মামলা করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সহকারী প্রক্টররা।






