বিনোদন

প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে দিনভর হুমায়ূন

হুমায়ূনের প্রয়াণ দিবস উপলক্ষে বুধবার চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা

হুমায়ূন আহমেদ এর ছবি, প্রয়াণ দিবসে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াণ দিনে চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের স্মরণে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার (১৯ জুলাই) কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ এর প্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসকে সামনে রেখে ১৭ জুলাই থেকে ১৯ জুলাই নানা ধরনের অনুষ্ঠান প্রচার করছে চ্যানেলটি। এরমধ্যে দর্শক দেখেছেন ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘চন্দ্রগ্রহন’।

এছাড়াও ১৯ জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরুতে’ থাকছে হ‌ুমায়ূন আহমেদ-এর গানের বিশেষ পরিবেশনা। দুপুর ১টা ৫ মিনিটে ‘এবং সিনেমার গান’ -এর বিশেষ পর্বে থাকছে হ‌ুমায়ূন আহমেদ-এর চলচ্চিত্রের গান!

ইফতেখার মুনিম-এর প্রযোজনায় হ‌ুমায়ূন আহমেদ-এর নাটক ও উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোর অংশগ্রহণে বিশেষ বিতর্ক অনুষ্ঠান ‘প্রয়াণের এক যুগ পর আমরা’। বিশেষ এই অনুষ্ঠানটি দর্শক দেখতে পারবেন বিকেল ৫টা ২০ মিনিটে।

বাবা শহীদ ফয়জুর রহমান আহমেদ ও মা আয়শা ফয়েজের ঘর আলো করে ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে। রসায়ন শাস্ত্রের শিক্ষক হিসেবে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

কালজয়ী উপন্যাস ‘নন্দিত নরকে’ ও ‘শঙ্খনীল কারাগার’ এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে শক্তিশালী এক কথাসাহিত্যিকের আগমনী জানিয়েছিলেন তিনি। তার প্রকাশিত সাহিত্যকর্ম তিন শতাধিক। গল্প বলার এক নতুন ধারায় তার সব গল্প-উপন্যাসই যেমন জনপ্রিয় তেমনি জনপ্রিয়তা পেয়েছে হিমু, মিসির আলী, বাকের ভাই ও রূপার মতো অসাধারণ সব চরিত্র।

এক সময় সাহিত্যচর্চার পাশাপাশি মনোনিবেশ করেন চলচ্চিত্র ও নাটক নির্মাণে। কোথাও কেউ নেই, আগুনের পরশমণি, দুই দুয়ারি, শ্রাবণ মেঘের দিন, ঘেঁটুপুত্র কমলা তার সৃষ্টিকর্মের মধ্যে উল্লেখযোগ্য।

২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। ২৪ জুলাই চিরনিদ্রায় শায়িত হন তার নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায়।

বিষয়:উপন্যাস চ্যানেল আই নাটক বই সিনেমা হুমায়ূন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…