‘লা লিগা প্রায় জিতে গেছি’- কথাটি বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ উচ্ছ্বসিত হয়ে বলে দিয়েছেন। ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ জয়ের বন্দরের কাছাকাছিই আছে কাতালান ক্লাবটি। সেখানে সবশেষ রিয়াল সোসিয়েদাদের কাছে হেরে শিরোপা দৌড় থেকে এক প্রকার ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তার মধ্যে নতুন খবর, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের জয় রিয়ালকে নামিয়ে দিয়েছে টেবিলের আরও নিচে।
ঘরের মাঠে বুধবার রাতে কাদিজকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো। ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ডিয়েগো সিমিওনের দল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে নেমে গেছে লস ব্লাঙ্কোসরা।
অ্যাটলেটিকোর হয়ে জোড়া গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্টনিও গ্রিজম্যান। বাকি গোলগুলো আলভারো মোরাতা, ইয়ানিক কারাসকো এবং নাহুয়েল মোলিনার। কাদিজের একমাত্র গোলটি অ্যান্টনি লোজানোর।
লিগে এখনও ৫টি করে ম্যাচ বাকি রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার। এরমধ্যে এক ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত করে ফেলবে বার্সা। নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেটিকোর ভেতর দ্বিতীয় স্থান অর্জনের লড়াইটাই তাতে এবারের লা লিগার আকর্ষণ হিসেবে অবশিষ্ট থাকবে।







