ট্রফি ছাড়া আরও এক মৌসুম কাটানোর দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। চলতি বছরে কোচ জাভি আলোনসোকে বরখাস্ত করার পর দায়িত্ব নেন আপদকালীন কোচ আলভারো আরবেলোয়া। তবে গ্রীষ্মে নতুন কোচ নিয়োগ দেবে রিয়াল মাদ্রিদ এবং বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
ক্লাবটি বিশ্বজুড়ে হোসে মরিনহো, মাসিমিলিয়ানো আলেগ্রি এবং মরিসিও পচেত্তিনোর মতো বেশ কয়েকজন ম্যানেজারের সাথে চুক্তির জন্য আলোচনায় রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এবার নতুন ম্যানেজার খোঁজার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেরেজ ব্যক্তিগতভাবে ক্লাবের পরবর্তী কোচ নিয়োগ তদারকি করবেন এবং নিজেই সিদ্ধান্ত নেবেন। ক্লাবের আগের পদ্ধতি থেকে ভিন্ন প্রক্রিয়ায় কাজ করা হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে তার চারপাশের লোকদের কাছ থেকে পরামর্শ নেয়া হতো।
এই সিদ্ধান্তটি বার্নাব্যুর পরিস্থিতির গুরুত্বকেই প্রতিফলিত করে। টানা দুটি শিরোপাহীন মৌসুম এখন নিশ্চিত হওয়ায়, পেরেজ সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের মুখোমুখি হওয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তের সরাসরি দায়িত্ব নিতে চলেছেন বলে জানা গেছে।
এটি তাদের কাজের একটি উল্লেখযোগ্য পরিবর্তন। পূর্ববর্তী কোচের নিয়োগের ক্ষেত্রে, ক্লাব সভাপতি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার ঘনিষ্ঠ বৃত্তের ব্যক্তিদের সাথে পরামর্শ করতেন। এবার শীর্ষ পর্যায় থেকে বার্তাটি স্পষ্ট, সিদ্ধান্তটি হবে শুধুমাত্র তার।
প্রতিবেদনে আরও জানায় সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশ কয়েকটি নাম এখনও আলোচনায় রয়েছে। কিন্তু পেরেজ নিজে দায়িত্ব নেয়াতে, পছন্দের লক্ষ্য চিহ্নিত হয়ে গেলেই অনুসন্ধান প্রক্রিয়াটি দ্রুত আগাবে।








