চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় কার্লো আনচেলত্তির দল। ২০১০ সালের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা স্টুটগার্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা।
নতুন কাঠামোয় মঙ্গলবার রাত মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স লিগের ছয় ম্যাচ। রিয়ালের জয়ের রাতে এসি মিলানের মাঠে ৩-১ গোলে জিতেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।
রাতের আরেক ম্যাচে বড় জয় পেয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ক্রোয়াট ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে হ্যারি কেনের রেকর্ড গড়া ৪ গোলের ম্যাচে তারা জয় পেয়েছে ৯-২ গোলের ব্যবধানে।
প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচে ৯ গোল করার কীর্তি গড়েছে বায়ার্ন। এরমধ্যে একাই ৪ গোল করেছেন ইংলিশ তারকা হ্যারি কেন। নতুন এক রেকর্ডও সঙ্গী করেছেন ৩১ বর্ষী কেন। চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশদের মধ্যে সর্বোচ্চ গোলে ছাড়িয়ে গেছেন ওয়েন রুনিকে। ম্যানচেস্টার ইউনাইটেড তারকার ৩০ গোলের বিপরীতে কেনের গোল এখন ৩৩।
বায়ার্নের জয়ে অন্যদের মধ্যে জোড়া গোল করেছেন মাইকেল ওলিস। একটি করে গোল করেছেন রাফায়েল গেরেরো, লেরয় সানে এবং লেয়ন গোরেৎসকা। একাধিক গোল বাতিল না হলে জয়ের ব্যবধান আরও বড় হতে পারত।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল পাওয়ার আনন্দে মাতেন ব্রাজিলিয়ান উঠতি তারকা এন্দ্রিক। টুর্নামেন্টে রিয়ালের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনি। ১৮ বছর ৫৮ দিন বয়সে জালের দেখা পেলেন। ১৯৯৫ সালে ১৮ বছর ১১৩ দিনে রাউল গঞ্জালেস রিয়ালের হয়ে হ্যাটট্রিক করে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ডটি গড়ে রেখেছিলেন।
রিয়াল মাদ্রিদের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা কইলিয়ান এমবাপেও। লস ব্লাঙ্কোসদের অন্য গোলটি করেছেন আন্টোনিও রুডিগার।
রাতের অন্য তিন ম্যাচে আইন্দোহভেনের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে জুভেন্টাস। ৪১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরে ইয়াং বয়েজকে ৩-০তে হারিয়েছে অ্যাস্টন ভিলা এবং লিলের বিপক্ষে ২-০তে জিতেছে স্পোর্টিং লিসবন।








