ফুটবল

এমবাপে আরও সতেজ হয়ে উঠছেন

বলছেন কার্লো আনচেলত্তি

ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে সতেজ ও উদ্যমী দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের ফুটবল তারকা এমবাপে একটি ম্যাচের সময় সতেজ ও উদ্যমী দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

লা লিগায় রিয়াল মাদ্রিদে এসে লিগে প্রথম তিন ম্যাচে জালের দেখা পাননি, বেশ সমালোচিত হয়েছিলেন কাইলিয়ান এমবাপে। চতুর্থ ম্যাচে জোড়া গোল করে জবাব দিয়েছিলেন। ফরাসি তারকা পঞ্চম ম্যাচেও গোলের দেখা পেয়েছেন। ২৫ বর্ষী ফরোয়ার্ড রিয়াল জার্সিতে ধীরে ধীরে সতেজ হয়ে উঠছেন, বলছেন কোচ কার্লো আনচেলত্তি।

সোসিয়েদাদের মাঠে শনিবার রাতে ২-০তে জিতেছে রিয়াল মাদ্রিদ। এমবাপের সঙ্গে গোল পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রও। দুজনের গোলই এসেছে পেনাল্টি থেকে।

পরে আনচেলত্তি বলেছেন, ‘এমবাপে আরও সতেজ হয়ে উঠছে। বলের প্রতি এখন আরও সক্রিয় থাকতে পারছে। সে খুব বিপজ্জনক, ভিনিসিয়াস এবং অন্য ফরোয়ার্ডদের সঙ্গে তার রসায়নটা জমে উঠছে। উন্নতি করছে। তার এধরনের খেলা খুব পছন্দ করি।’

পেনাল্টি নেয়া প্রসঙ্গে ৬৫ বর্ষী ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্রথমে ভিনি গোল করেছিল। তারপর সিদ্ধান্ত নেয়া হয় কাইলিয়ানের একটি নেয়া উচিত। খেলোয়াড়রা দায়িত্ব নিতে পছন্দ করে। এখন পর্যন্ত এটি দুর্দান্ত হয়েছে।’

জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে রিয়াল। ৪ ম্যাচে ৪ জয়ে বার্সার পয়েন্ট ১২। ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১। রোববার রাতে বার্সা মুখোমুখি হবে জিরোনার। জিরোনার মাঠে জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধান আবারও বাড়িয়ে নেয়ার সুযোগ আছে কাতালান ক্লাবটির।

বিষয়:আনচেলত্তি এমবাপে বার্সেলোনা ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদ লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…