মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে লিড নিয়েছে বাংলাদেশ। দেড়শ রান পেরিয়েছেন মুশফিক আর টেস্টে নিজের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন মিরাজ। তাদের অবিচ্ছিন্ন ১৬৪ রানে জুটিতে ৪৭ রানে এগিয়ে আছে টিম টাইগার্স।
রাওয়াপিন্ডিতে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। চা বিরতির আগে ১৪৮ ওভারে ৬ উইকেটে ৪৯৫ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে আছেন ৩১৪ বলে ১৭৩ রান করা মুশফিক এবং ১২৪ বলে ৫০ রান করা মিরাজ।
৯ মাস পর টেস্ট খেলতে নামা মুশফিক রহিম চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগেই শতরান পূর্ণ করেন। দেড়শ পেরিয়েছেন ১৪১.২ ওভারে। ২৮৬ বলে ১৫০ পূর্ণ করেন টাইগার তারকা ব্যাটার। ছুটছেন ডাবল সেঞ্চুরির পথে। পাকিস্তানের বিপক্ষে এটি ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি মুশফিকের। একাদশতম সেঞ্চুরি করে টপকেছেন তামিম ইকবালকে (১০)। মুশির সামনে আছেন কেবল মুমিনুল হক (১২ সেঞ্চুরি)।
১৪৫.১ ওভারে ফিফটি পূর্ণ করেন মিরাজ। ১২০ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল তিনটি চারের মার।







