ঘরের মাঠে যেকোনো দলের বিপক্ষে এগিয়ে থাকবে পাকিস্তান। টেস্টে তাদের ব্যাটিং-বোলিং দুই বিভাগই পার্থক্য গড়ে দেয়ার মতো শক্তিশালী। বাংলাদেশও ভালো প্রস্তুতি নিচ্ছে। ব্যাটিং-বোলিং নিয়ে আশাবাদী। তবে রাওয়ালপিন্ডির উইকেটে ঘাস থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে পেসাররা, বলছেন টাইগার পেসার শরিফুল ইসলাম।
লাহোরে শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের বাঁহাতি পেসার। শরিফুল নিজেদের প্রস্তুতি নিয়েও বেশ সন্তুষ্ট।
শরিফুলের আশা, পেসারদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। উইকেট প্রসঙ্গে ২৩ বর্ষী পেসার বলেছেন, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। তবে শুনেছি এই উইকেটে ঘাস রয়েছে, আশা করছি আমরাও এমনই পাবো। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো।’
‘আসলে লম্বা সময় পর লাল বলের ক্রিকেট খেলব, তবে দ্রুতই আমাদের মানিয়ে নিতে হবে। আমরা অনুশীলনে বেশকিছু সময় পেয়েছি। আশা করছি সেটা আমাদের উপকারে আসবে।’
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট। খেলা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট।








