বিনোদন

টাকার বিনিময়ে ‘রামায়ণ’-এর বিশেষ শো দেখার সুযোগ!

টাকার বিনিময়ে ‘রামায়ণ’-এর বিশেষ শো দেখার সুযোগ!

মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই চর্চা বাড়ছে বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ঘিরে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত এই ছবি এবার বক্স অফিসে দুরন্ত সূচনা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনার খবর সামনে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবিটির আনুষ্ঠানিক মুক্তির এক দিন আগে, ৪ নভেম্বর দেশজুড়ে প্রায় ৩০০টি পেইড প্রিভিউ শো আয়োজনের পরিকল্পনা করেছেন নির্মাতারা। অর্থাৎ, সাধারণ দর্শক ছবিটি মুক্তির আগের দিনই প্রেক্ষাগৃহে দেখার সুযোগ পেতে পারেন।

নিতেশ তিওয়ারি পরিচালিত এই পৌরাণিক মহাকাব্য ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা। ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। ছবির বিশাল বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী এবং আন্তর্জাতিক স্তরে মুক্তির পরিকল্পনা সব মিলিয়ে ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের নজরের কেন্দ্রে রয়েছে এই ছবি।

বড় বাজেটের ছবির ক্ষেত্রে মুক্তির আগের দিন পেইড প্রিভিউয়ের আয়োজন নতুন কিছু নয়। তবে ‘রামায়ণ’-এর মতো বহুল প্রতীক্ষিত ছবির জন্য একসঙ্গে প্রায় ৩০০টি শোয়ের পরিকল্পনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বাণিজ্য মহল। ‘ফ্রি’ নয়, এই প্রিভিউ দেখতে দর্শকদের টিকিট কেটে প্রবেশ করতে হবে। ফলে আনুষ্ঠানিক মুক্তির আগেই ছবির আয়ের খাতায় উল্লেখযোগ্য অঙ্ক যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ছবিটির পেইড প্রিভিউ থেকে বড় অঙ্কের আয় হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে একাধিক বড় ছবির ক্ষেত্রে মুক্তির আগের দিনের বিশেষ প্রদর্শনী বক্স অফিসের প্রাথমিক আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও তেমন সম্ভাবনা দেখছেন বাণিজ্য বিশ্লেষকদের একাংশ। তবে ৩০০টি শোয়ের পরিকল্পনা এবং সম্ভাব্য আয় নিয়ে নির্মাতাদের তরফে চূড়ান্ত ঘোষণা হয়েছে, এমনটা এখনও নিশ্চিত নয়।

বিষয়:পেইড প্রিভিউ যশ রণবীর কাপুর রামায়ণ: পার্ট ওয়ান সাই পল্লবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…