ক্রিকেট

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু শান্তদের

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু শান্তদের

ত্রিদেশীয় সিরিজের শুরুটা হতশ্রী হল বাংলাদেশের। এলোমেলো ব্যাটিংয়ের খেসারত দিতে হল জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেইলরের ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছিল দলটি। এরপর ব্রেড ইভানস ঝড়ে উড়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৯৯ রানে হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে। দারুণ জয়ে সিরিজে ফাইনালের দৌড়ে এগিয়ে থাকল সিকান্দার রাজার দল।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে জিম্বাবুয়ে। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৭১ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

রানতাড়ায় নেমে শুরুটা ভালো হয় বাংলাদেশের। ঝড়ো শুরু করেন তানজিদ তামিম। তবে উদ্বোধনী জুটিটা লম্বা হয়নি। ৬.৩ ওভারে সৌম্য সরকার আউট হন ১৭ বলে ৯ রান করে। দশম ওভারের শেষ বলে তানজিদ ফিরে যান। ৯ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪৬ রান করেন। দুই বল পরেই আউট হন নাজমুল হোসেন শান্ত। ৮ বলে ৪ রান করেন।

১৬.৩ ওভারে দলীয় ৯৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় ফেরেন ২১ বলে ১৩ রান করে। ১১২ রানে পঞ্চম উইকেট হারায় টাইগাররা। মোসাদ্দেক হোসেন ফেরেন ১৮ বলে ১১ রান করে।

২৩.২ ওভারে দলীয় ১২৩ রানে আউট হন সাইফ হাসান। ৩৭ বলে ২৬ রান করেন। ২৮তম ওভারে দলীয় ১২৯ রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ব্রেড ইভানসের প্রথম বলে নুরুল হাসান সোহান ৫ রানে এবং পঞ্চম বলে শরিফুল খালি হাতে ফেরেন।

নবম উইকেটে তাসকিনকে নিয়ে ৩২ রান যোগ করেন রিশাদ হোসেন। ৩২.১ ওভারে দলীয় ১৬১ রানে রিশাদকে ফেরান রাজা। ৪ চারে ৩৩ বলে ২৩ রান করেন রিশাদ। এরপর ১১ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে ব্রেড ইভানস ৪ উইকেট নেন। সিকান্দার রাজা ও ওয়েলিংটন মাসাকাদজা নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ২৪ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। ব্রায়ান বেনেট (০), বেন কারেন (৬) ও তাফাদজওয়া সিগাকে (১৬) ফেরান তাসকিন আহমেদ।

জিম্বাবুয়েকে চাপ থেকে টেনে তোলেন ব্রেন্ডন টেইলর ও ক্রেইগ আরভিন। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করে ১৭৬ বলে ১৫০ রান। ৩৬.২ ওভারে দলীয় ১৭৪ রানে জুটি ভাঙেন সাইফ হাসান। ১০ চারে ১০১ বলে ৮১ রান করে ফেরেন টেইলর।

৪২.৪ ওভারে দলীয় ২২০ রানে ওয়েসলি মাধেভেরেকে ফেরান রিশাদ। ১৫ বলে ১৭ রানে ফেরেন সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে। ৪ রান যোগ করতেই সপ্তম উইকেট হারায় জিম্বাবুয়ে। সেঞ্চুরির পথেই ছিলেন ক্রেইগ আরভিন। তবে ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। শরিফুলের বলে সোহানের গ্লাভসে ক্যাচ দেন। ৯ চারে ১০৬ বলে ৯৩ রান করেন।

৪৫.৪ ওভারে ব্রেড ইভানসকে দ্বিতীয় শিকার বানান শরিফুল। ৯ বলে ৫ রান করেন।

পরে নিউম্যান নিয়ামুরি ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ইনিংস শেষ করেন। যোগ করেন ২৬ বলে ৩৭ রান। নিয়ামুরি ১৭ বলে ২১ রানে এবং মাসাকাদজা ১৫ বলে ২১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩ উইকেট নেন। শরিফুল ও সাইফ হাসান নেন দুটি করে উইকেট। রিশাদ নেন ১ উইকেট।

বিষয়:আবুধাবি আরভিন ইভানস জিম্বাবুয়ে টেইলর তানজিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…