রামিসা হত্যার নৃশংস ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
এক বিবৃতিতে তিনি বলেন, “একটি নিষ্পাপ শিশুর প্রতি এমন পাশবিকতা সমগ্র জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ধরনের জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।”
তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
মোহাম্মদ আলী রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় যেকোনো আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত আছেন।
তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।








