দক্ষিণী জনপ্রিয় অভিনেতা রামচরণ ও তার স্ত্রীকে (উপাসনা) নিয়ে অবমাননাকর মন্তব্য করায় অভিনেতার অনুরাগীদের হাতে বেধড়ক মার খেলেন সুনিসিথ নামক এক ব্যক্তি। একপ্রকার হিংস্রভাবেই মারধর করা হয়েছে সেই ব্যক্তিকে। ইতিমধ্যেই যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে রামচরণ ও তার স্ত্রী উপাসনাকে নিয়ে অশালীন মন্তব্য করে এক ব্যক্তি। যারই ফল ভোগ করতে হয় তাকে।
জানা গেছে, সাক্ষাৎকারে সুনিসিথ নামে ওই ব্যক্তি নাকি বলেছিলেন, ‘আমি উপাসনার সঙ্গে লং ড্রাইভে গিয়েছি। ও আমার বান্ধবী। ওর একটি ইলেকট্রিকে চলে গাড়ি রয়েছে। আমরা ওই গাড়িতে গোয়া গিয়েছিলাম। রামচরণও আমার বন্ধু। একবার তিনি হঠাৎ করেই উপাসনাকে আমার উপর পড়ে যেতে বলেছিলেন।’ আর সুনিসিথের এমন মন্তব্যের পরই বেজায় চটেছিলেন রামচরণের অনুরাগীরা। তবে তিনি শুধু রামচরণ ও উপাসনাকে নিয়েই মন্তব্য করেননি। তিনি আরও বলেছেন, দক্ষিণী তারকা চিরঞ্জীবীর মেয়ে সুস্মিতার সঙ্গেও লং ড্রাইভে গিয়েছেন।
এমন সাক্ষাৎকার দেওয়ার পর থেকেই ওই ব্যক্তির খোঁজ করছিলেন রামচরণের ৭ অনুরাগী। তাইতো তাকে বাগে পেতেই চলে কিল ও ঘুষি। তীব্রভাবে তাকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে তার মন্তব্যের জন্য রামচরণ ও তার স্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতেও বলা হয়।
তবে মারধরের ভিডিও সামনে আসতেই নেটপাড়ার নাগরিকরা করছেন নানান মন্তব্য। কেউ বলেছেন, ‘উনি যেকথা বলেছেন, তা অন্যায়, তবে মারধর করাকে আমি সমর্থন করি না।’ কারোর কথায়, ‘আপনি কোন পরিবারের মহিলাদের সম্পর্কেই এমন মন্তব্য করতে পারবেন না।’ কারো দাবি, ‘কারো ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য অন্যায়।’
সূত্র: হিন্দুস্থান টাইমস







