বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র রাকুলের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি ভারতের গোয়া শহরে তারা বিয়ে করছেন। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে অল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকবেন।
২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।
রাকুল প্রীতকে সবশেষ দেখা গেছে ‘থ্যাংক গড’ সিনেমায়। সামনে ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়েল।
ভারতের দক্ষিণের সিনেমায় জনপ্রিয় অভিনেত্রীদের অন্যতম রাকুল প্রীত সিং। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। বলিউডেও বেশ সফল তিনি।
সূত্র: বলিউড হাঙ্গামা







