বৃহস্পতিবার ফিলাডেলফিয়া-ইন্টার মিয়ামির ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পৃথক দুটি ঘটনায় প্রতিপক্ষের বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানকে মাথা ও ঘাড়ে চড় মারেন লিওনেল মেসি। সে কারণে আর্জেন্টাইন অধিনায়ককে জরিমানা করা হয়েছে।
মেসির সঙ্গে ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। ম্যাচের শেষে আরেক বাংলাদেশি বংশোদ্ভূত কুইনের ভাই কাভান সুলিভান এবং মিয়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান হয়েছিল। তবে সেটা তুলে নেয়া হয়েছে।
শুক্রবার এ সিদ্ধান্তগুলো আসে মেজর লিগ সকার থেকে। তবে জরিমানার পরিমাণ জানানো হয়নি। ম্যাচে কথা কাটাকাটির এক পর্যায়ে মেসি কুইনের ঘাড়ের পেছনে আঘাত করেন।
মিয়ামির ফ্রেকে জরিমানা করা হয়েছে। ডি বক্সে ড্রিবলিং করার সময় ভারসাম্য হারিয়ে পরে যান ফ্রে। সে সময় কাভানের সাথে কথা কাটাকাটি হয় তার। ফ্রে তার গলা চেপে ধরেন। সুলিভান লাফিয়ে উঠে ফ্রেকে ধাক্কা দেন।
অতিরিক্ত সময়ে হাতাহাতির কারণে ব্রাইট এবং কাভানকে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে খেলাটি শেষ হয়। মেজর লিগ সকার জানিয়েছে, তারা কাভান সুলিভানকে দেয়া লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। লিগ জানায়, তাদের স্বাধীন পর্যালোচনা প্যানেল সুলিভানের নিষেধাজ্ঞা বাতিল করার পক্ষে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে।










