ফুটবল

কেমন একাদশে ভরসা রাখতে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ফুটবল দল অনুশীলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনের জন্য প্রস্তুতি নিচ্ছে, মাঠে ট্রেনিং করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে হারের পর দোর্দণ্ড প্রতাপ দেখিয়ে এগোচ্ছে আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে এসে বিদায় করেছে অস্ট্রেলিয়াকে। নেদারল্যান্ডসের বিপক্ষে স্নায়ুচাপী ম্যাচে টাইব্রেকারে জিতে নিশ্চিত করেছে শেষ চার। শিরোপার মঞ্চে পৌঁছাতে সেমিফাইনালে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

জিতলে শিরোপা থেকে এক কদম দূরে— এমন ম্যাচে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চাইবেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কোয়ার্টার ফাইনালের একাদশ থেকে দুটি পরিবর্তন আনতেই হচ্ছে মেসিদের বসকে। মাঝমাঠের দখলে দুর্দান্ত খেলা ক্রোয়েটদের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই অবশ্য নামবে দুবারের সাবেক চ্যাম্পিয়নরা।

চোট ও কার্ডের ফাঁদে পড়া স্কালোনি ক্রোয়েটদের শক্তির জায়গা বিবেচনায় শিষ্যদের পুরনো ফর্মেশনে ফিরে নিতে পারেন। ডাচদের বিপক্ষে খেলা ৩-৫-২ ফর্মেশন বাদ দিয়ে ৪-৩-৩ ধারায় খেলাতে পারেন। মাঝমাঠের দখল নিতে লিয়ান্দ্রো পারেদেসকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা ৫২ বর্ষী কোচের।

মেসির পাশে এদিন শুরু থেকেই রাখতে পারেন ঊরুর চোট কাটিয়ে ফেরা ডি মারিয়াকে। পায়ের চোট সারিয়ে উঠতে পারলে আলেজান্দ্রো গোমেজকে মধ্যমাঠের দায়িত্ব দিতে পারেন এবং ডে পলকে একাদশে রাখা প্রায় নিশ্চিতই।

দুটি হলুদ কার্ড দেখায় এদিন আলবিসেলেস্তে জার্সিতে দেখা যাবে না মার্কোস অ্যাকুনা ও গঞ্জালো মন্টিয়েলকে। তাতে রক্ষণের দায়িত্ব বর্তাতে পারে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোর উপর।

গোলপোস্টের নিচে অনুমেয়ভাবে এমিলিয়ানো মার্টিনেজে আস্থা স্কালোনির। ক্রোয়েটদের রক্ষণদূর্গ ভেদ করতে মেসি, আলভারেজ, ডি মারিয়াকে সামনে রাখবেন। রক্ষণ সামলাতে মোলিনা, রোমেরো, ওটামেন্ডি ও তাগলিয়াফিকোর উপর আস্থা রাখতে পারেন স্কালোনি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো ডে পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি (অধিনায়ক), জুলিয়ান আলভারেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ডি মারিয়া তাগলিয়াফিকো ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়া মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…