ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।
রয়টার্স জানিয়েছে, গতকাল ১৭ আগস্ট বৃহস্পতিবার দুই দেশের নেতার মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের আঞ্চলিক স্তরে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং উন্নয়নে ইচ্ছা প্রকাশ করে রাশিয়া।
এই সময় পুতিন জ্বালানি, ট্রানজিট এবং বাণিজ্যের ক্ষেত্রে মস্কো-তেহরান সহযোগিতার গতিশীলতা ও সম্প্রসারণের প্রশংসা করেছেন।
ফোনালাপে পুতিন দক্ষিণ ইরানের ফারস প্রদেশে শাহ চেরাগ মাজারে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন। এই হামলায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়। পুতিন ইরান সরকার, জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইরান-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার প্রক্রিয়া পর্যালোচনা করে বিভিন্ন যৌথ প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষ করে ট্রানজিট ও জ্বালানি খাতে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অধীনে ইরান এবং রাশিয়া উভয়ই মার্কিন পদক্ষেপের মোকাবেলায় দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করছে।







