দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করার পর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউডের তারকা জুটি পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হবে এই দম্পতির।
তবে বিয়ের ক্ষেত্রে এই জুটি অন্যান্য বলিউড তারকার পথ অনুসরণ করছেন না। শোনা যাচ্ছে, পুলকিত আর কৃতি মুম্বাইতে কোনো রিসেপশনের আয়োজন করছেন না। তাদের বিয়ের পুরো অনুষ্ঠানটি এই হোটেলেই হবে। যেটি ১২ লক্ষ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
জানা গেছে, ভোজনরসিক পুলকিত এবং কৃতি তাদের অতিথিদের জন্য দেশের বিভিন্ন প্রান্তের সুস্বাদু খাবার দিয়ে বিয়ের লোভনীয় একটি মেনু সাজিয়েছেন। পুলকিত-কৃতির বিয়েতে অতিথিদের ‘রয়্যাল ফুড অব হোল ইন্ডিয়া’ পরিবেশন করা হবে। যার মধ্যে কলকাতা, বেনারস, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং দিল্লির অনেক বিশেষ খাবার রয়েছে। বরের বিশেষ অনুরোধে দিল্লি ৬-এর চাটকেও মেনুতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিয়েতে উপস্থিত থাকবেন উভয় পক্ষের প্রায় ২০০ জন অতিথি! যে তালিকায় নাম রয়েছে ফারহান আখতার, রিচা চাড্ডা, বি প্রাক, মিকা সিং ছাড়াও অন্যান্য সেলিব্রিটিদের।
এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) পুলকিত সম্রাট এবং কৃতি খারবান্দার মেহেন্দি এবং সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০১৪ সালে সালমান খানের রাখি বোন শ্বেতা রোহিরাকে বিয়ে করেন পুলকিত সম্রাট। কিন্তু বছর ঘুরতেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। ২০১৯ সাল থেকে কৃতির সঙ্গে প্রেম করছেন তিনি। বেশ কটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন পুলকিত-কৃতি। এ তালিকায় রয়েছে ‘বীরে কি ওয়েডিং’, ‘পাগলপান্তি’, ‘তাইশ’।








