পিএসজিতে ৭ মৌসুম কাটিয়েছেন কাইলিয়ান এমবাপে। গত জুনে ফরাসি ক্লাবটি ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে। পিএসজির সঙ্গে শেষটা ভালো হয়নি বিশ্বজয়ী তারকার। ক্লাবটির কাছে সাড়ে পাঁচ কোটি ইউরো পাওনা আছে, দাবি করেছেন। এমনকি আদালতের কাছেও গেছেন। সেই মামলার রায় এসেছে। মাদ্রিদ তারকা মামলায় জেতায় অর্থ পরিশোধে বাধ্য হচ্ছে ফরাসি ক্লাবটি।
লিগ ডি ফুটবল প্রফেশনালের (এলএফপি) আপিল কমিশন কমিটি গত ১৫ অক্টোবর বিষয়টি শুনানি করে। শুনানি শেষে এমবাপের পক্ষে এবং পিএসজির বিরুদ্ধে রায় দিয়েছে। ফলে ক্লাবটিকে ৫৫ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হবে, জানাচ্ছে ফরাসি সংবাদমাধ্যমগুলো। আপিল কমিশন বলেছে, ‘ক্লাবকে অবশ্যই এমবাপের দাবি করা বেতন দিতে হবে।’
এর আগে এলএফপি মধ্যস্থতার প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করেন এমবাপে। গত সেপ্টেম্বরে কমিশন এক সপ্তাহের মধ্যে পিএসজিকে এমবাপের সমস্ত অর্থ প্রদানের জন্য বলেছিল। তবে নাসের আল খেলাইফির ক্লাব বিষয়টি অন্য আদালতে মিটমাট করবে বলে জানিয়ে দেয়। ফ্রেঞ্চ ফুটবলের যৌথ কমিটি এবার সেই রায় দিয়েছে। তবে ফ্রেঞ্চ ফুটবলের উচ্চ আপিল কমিশনে রায়ের বিরুদ্ধে আবেদন করবে, জানিয়েছে পিএসজি।
৫৫ মিলিয়ন ইউরোর মধ্যে রয়েছে পিএসজিতে এমবাপের শেষ তিন মাসের বেতন এবং ক্লাবটির সঙ্গে শেষ চুক্তিতে থাকা সাইনিং বোনাস। এমবাপে তাদের কথা শোনেনি বলে পিএসজি সেটি দিতে অস্বীকৃতি জানায়। বিপরীতে এমবাপে পুরো অর্থই চেয়ে আসছিলেন। সবশেষ ২০২২ সালে পিএসজির সঙ্গে চুক্তি করেন এমবাপে। যেখানে একবছরের মেয়াদ বাড়ানোর শর্ত ছিল। তবে ২০২৩ সালের জুলাইয়ে নতুন কোনো চুক্তি না করায় ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বিতণ্ডা শুরু হয়।









