ফুটবল

মেসির ৭০০ গোলের রাত

এমবাপকে দিয়ে জোড়া গোল করালেন এলএম থার্টি

ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারিস সেন্ট জার্মেই দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে, মাঠে আনন্দের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্লাব ফুটবলের ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলকে পা রাখলেন লিওনেল মেসি। তার এমন কীর্তির রাতে মার্সেইকে ৩-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে নিজেদের দাপট ধরে রাখল পিএসজি।

এর আগে মাইলফলকটি কেবল ক্রিস্টিয়ানো রোনালদোই ছুঁয়েছিলেন। তবে পর্তুগিজ মহাতারকার চেয়ে একটি জায়গায় বেশ এগিয়ে মেসি। ৭০০ গোলের কীর্তি গড়তে রোনালদোকে খেলতে হয়েছিল ৯৪৩ ম্যাচ। তার চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই তা করে ফেললেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

রোববার রাতে মার্সেইয়ের মাঠে হওয়া ম্যাচের ২৫ মিনিটে মেসির বাড়ানো বল আদায় করে দৌড়ে গিয়ে ডান পায়ের শটে নিশানাভেদ করেন কাইলিয়ান এমবাপে।

তিন মিনিট পর এরিক বেইলি গোল করলেও হ্যান্ডবলের কারণে তা বাতিল হওয়ায় মার্সেইয়ের তখন সমতায় ফেরা হয়নি।

খেলার ২৯ মিনিটে সব আকর্ষণ নিজের দিকে কেড়ে নেন মেসি। সতীর্থ এমবাপের অ্যাসিস্টে প্রতিপক্ষের গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে গোলপোস্টের সামনে ডান পায়ে বল জালে জড়িয়ে রেকর্ড বইয়ে নিজের নামটি লেখান এলএম থার্টি। টানা ১৪ মৌসুমে গড়লেন গোলের হাফ সেঞ্চুরিও।

বিরতির পর ৫৫ মিনিটে আবারো মেসি-এমবাপে জুটির রসায়নে গোলের দৃশ্যায়ন। ৩৫ বর্ষী আর্জেন্টাইন মহাতারকার বাড়ানো বল নিয়েই দারুণ ভলিতে ম্যাচে দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন এমবাপে।

২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। ঘরের মাঠে হার নিয়ে মাঠ ছাড়া মার্সেই সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে।

বিষয়:এমবাপে পিএসজি মার্সেই মেসি লিগ ওয়ান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…