অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক আর নেই

ছবি: সংগৃহীত
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাবেন।
পরে তার মরদেহ নেওয়া হবে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে গ্রামের বাড়িতে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যার জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক এর আগেই মারা গেছেন।






