বাংলাদেশ

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ জেলা বগুড়া সফরে এসে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন।

আজ (২০ এপ্রিল) সোমবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া আদালত ভবন থেকে ভার্চুয়ালি দেশের সাতটি জেলায় একযোগে এ কার্যক্রম চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান।

ই-বেইলবন্ড একটি অনলাইন ব্যবস্থা, যার মাধ্যমে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা দ্রুত ও সরাসরি কারাগারে পাঠানো সম্ভব হবে। এতে বিচারপ্রক্রিয়া সহজ হবে, সময় বাঁচবে এবং দুর্নীতির সুযোগ কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর এবং কুষ্টিয়া জেলাতেও একযোগে এ কার্যক্রম চালু হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সকাল ১০টার দিকে তার গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায় এবং পরে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে গিয়ে অনুষ্ঠানে অংশ নেন।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো এবং সেবা প্রক্রিয়াকে আরও আধুনিক ও স্বচ্ছ করার লক্ষ্য রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিষয়:প্রধানমন্ত্রী বগুড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…