শিল্পকারখানা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে শিল্পকারখানা সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়ে শ্রমমন্ত্রী বলেন, কলকারখানা ও শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি।

শ্রমমন্ত্রী আরও বলেন, সরকারের প্রধান লক্ষ্য জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তাঁর অভিযোগ, ডিসেম্বরকে সামনে রেখে শ্রমিকদের সঙ্গে মিশে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সরকার এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
তিনি পুনরায় বলেন, শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখার বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।






