ঈদে মুক্তি পাওয়া ছবি ‘প্রেশার কুকার’ মুক্তির এক মাস পরও দর্শক ধরে রেখেছে। মাস পূর্তিতে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়নসহ বিভিন্ন মাল্টিপ্লেক্স মিলিয়ে দৈনিক ১৪টি শো চলছে। দর্শক চাহিদা বাড়ায় কিছু হলে শো সংখ্যাও বাড়ানো হচ্ছে।
একই সময়ে মুক্তি পাওয়া আরেক ছবি ‘রাক্ষস’ বর্তমানে মাল্টিপ্লেক্সগুলোতে ১২টি শো পাচ্ছে। মুক্তির ২৯তম দিনে আয় তুলনা করলে দেখা যায়, ওই দিনে ‘প্রেশার কুকার’-এর সংগ্রহ ছিল প্রায় ৪ লাখ টাকা, আর ‘রাক্ষস’-এর প্রায় ৩ লাখ টাকা। ফলে ২৯তম দিনের হিসাবে মাল্টিপ্লেক্স আয় তালিকায় এগিয়ে আছে ‘প্রেশার কুকার’।
চার সপ্তাহ পার হলেও দর্শকের আগ্রহে ভাটা পড়েনি রায়হান রাফী পরিচালিত এই ছবিতে। বরং সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে আলোচনা ও আগ্রহ বেড়েছে। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত ‘প্রেশার কুকার’ দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় দিন দিন দর্শকসংখ্যা বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, মুক্তির শুরুর দিকের তুলনায় চতুর্থ সপ্তাহে এসে ‘প্রেশার কুকার’-এর টিকিট বিক্রি ঊর্ধ্বমুখী। তাঁর ভাষ্য, নির্দিষ্ট শ্রেণির দর্শকের মধ্যে ছবিটি ভালো সাড়া ফেলেছে।
মহাখালীর এসকেএস টাওয়ার ও উত্তরার সেন্টার পয়েন্টে ভিআইপি ও রয়েল ক্লাব শোগুলোতে হাউজফুল যাচ্ছে সিনেমাটি। সেখানে টিকিটের মূল্য ১৫০০ ও ১৮০০ টাকা। শুরু থেকে এখন পর্যন্ত দর্শক উপস্থিতিতে উল্লেখযোগ্য পতন হয়নি, যা তিনি ইতিবাচক দিক হিসেবে দেখছেন।
এদিকে ‘প্রেশার কুকার’ প্রদর্শিত হবে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের উদ্যোগে আয়োজিত এই উৎসবের এটি নবম আসর, যা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের প্রেক্ষাপটে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’। ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, আজিজুল হাকিম ও সাবেরী আলম।







