দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তারিখ ও অন্যান্য আনুষ্ঠানিক বিষয় নির্ধারণ করে যথাসময়ে গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। দিনক্ষণ নির্ধারণ হলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতের জন্য জাতীয় সংসদ সচিবালয়ের কাছে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চাওয়া হয়েছে, আশা করি শিগগিরই তা পাওয়া যাবে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এই বিষয়ে সংসদ সচিবালয় থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে রেফার করা হলে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে আজ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক প্রস্তুতি, তপশিল ঘোষণা, ভোটগ্রহণের প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে।







