কেনের পর হালান্ডই প্রথম প্রিমিয়ার লিগে এমন ইতিহাস গড়লেন

প্রিমিয়ার লিগে দাপটের সাথে খেলে চলেছেন আর্লিং হালান্ড। চিরচেনা রূপে করে চলেছেন গোল, যাতে ছুঁয়ে ফেললেন অনন্য আরেকটি মাইলফলক। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৮ গোলের রোমাঞ্চের ম্যাচে একটি গোল করেছেন নরওয়েজিয়ান তারকা। তাতে প্রিমিয়ার লিগে যাদের বিপক্ষে নেমেছেন, এমন সবকয়টি দলের বিপক্ষে গোল করা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন। অন্যজন টটেনহ্যামের সাবেক হ্যারি কেন।
হালান্ড ম্যাচের অষ্টম গোলটি করে ব্যক্তিগত রেকর্ডের অধিকারী হন। সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রোবি হ্যাটট্রিক করা সত্ত্বেও সিটি রোববার ৫-৩ গোলে জিতেছে। এনজো ফার্নান্দেজ, রায়ান চেরকি এবং আঁতোয়ান সেমেনিওর দুটি গোলে সিটি এগিয়ে যাওয়ার পর ৮১ মিনিটে ২৬ বর্ষী নরওয়েজিয়ান গোলটি করেন।
হালান্ডের গোল প্রথমে অফসাইডে বাতিল করা হয়, পরে ভিএআর সিদ্ধান্ত নাকচ করে দেয়। তিনি সিটির হয়ে প্রিমিয়ার লিগে খেলে ২৫টি ক্লাবের প্রতিটির বিপক্ষেই গোল করলেন। সান্ডারল্যান্ডই একমাত্র ক্লাব ছিল যার বিপক্ষে হালান্ড খেলেও গোল করতে ব্যর্থ হয়েছিলেন। গত মৌসুমে এ প্রতিপক্ষের বিপক্ষে দুটি ম্যাচে হালান্ড গোলশূন্য ছিলেন। প্রিমিয়ার লিগে এখন তার গোল ১১৭টি।
এর আগে হ্যারি কেন টটেনহ্যামে থাকাকালীন ৩২টি দলের বিপক্ষে খেলেছেন। প্রতিটি দলের বিপক্ষেই গোল করেছেন বর্তমানে বায়ার্নে খেলা ইংলিশ ফরোয়ার্ড।






