২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ কারণে নির্ধারিত সময়সীমার মধ্যেই আগ্রহী হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজের আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। এ সময় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার হাতে হজের সময়সূচি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষরিত হবে। এরপর ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু কার্যক্রম শুরু হবে।
এছাড়া আগামী ৮ এপ্রিল থেকে হজযাত্রী পরিবহনের ফ্লাইট পরিচালনা শুরু হওয়ার কথা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।








