খাগড়াছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রবারণা পূর্ণিমা পালন

উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে ফুল ও বুদ্ধপূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান এবং ধর্মীয় দেশনা শ্রবণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
জেলার কমলছড়ি আম্রকানন বৌদ্ধ বিহার, গোলাবাড়ী আর্য অরণ্য ভাবনা কুঠির ও ধর্মপুর আর্যবন বিহারসহ বিভিন্ন বিহারে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান পালন করা হচ্ছে। সন্ধ্যায় আয়োজন করা হবে হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলন।
তিন মাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের জন্য প্রবারণা পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে। এ পূর্ণিমার পরদিন থেকে বিভিন্ন বিহারে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দানোৎসব। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে কঠিন চীবর দান অন্যতম শ্রেষ্ঠ দান হিসেবে বিবেচিত।
দিনটি উপলক্ষে দেশ, জাতি ও সকল প্রাণীর সুখ-শান্তি এবং মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।






