‘আমি বাংলায় গান গাই’-এই গানটির সাথে ঠোঁট মেলাননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল! আর এই গানটির সাথে জড়িয়ে আছে এক কিংবদন্তীর নাম, তিনি প্রতুল মুখোপাধ্যায়।
গানটির লিরিক, সুর ও কণ্ঠ সবই তার। পশ্চিম বাংলার এই বিখ্যাত মানুষটি আর নেই। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে প্রতুল মুখার্জীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তার মৃত্যুর খবর শুনে শোকার্ত পশ্চিমবঙ্গের সংগীত ইন্ডাস্ট্রি।
গুরুতর অসুস্থ হয়ে শেষ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ গায়ক। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয়েছিলো তার। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠে। শেষ পর্যন্ত পরলোকে পাড়ি দিলেন এই গুণী শিল্পী।
১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ‘আমি বাংলায় গান গাই’-প্রতুল মুখোপাধ্যায়কে বাংলা গানের জগতে অমরত্বের আসনে বসালেও তার গাওয়া আরো কিছু গান মানুষকে আন্দোলিত করেছে, আলোড়িত করেছে। এরমধ্যে ‘আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি/বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি।’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য।








