বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়েছেন সাউথ আফ্রিকার নিক পোথাস। পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন। ২০২৩ সায়ে দায়িত্ব নেয়া পোথাসের চুক্তি ছিল ২০২৬ পর্যন্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগে সরে গেলেন ৫১ বর্ষী কোচ।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা শাহরিয়ার নাফিস সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, ‘হ্যাঁ, তার চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন।’
পোথাস পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অন্যসব ভালো বিষয়ের মতো, এটাও (বিসিবির দায়িত্ব) একসময় শেষ হবে। বিসিবির সাথে থাকাকালীন আমি কিছু মহৎ মানুষের সাথে ভালো সময় কাটিয়েছি। আমরা চলার পথে অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং দুর্দান্ত কিছু স্মৃতিও তৈরি হয়েছে।’
‘এখন বাড়িতে ভালো কিছু সময় কাটিয়ে পরবর্তী অধ্যায়ে কী রয়েছে তা দেখার সময়। আগামী একবছরের জন্য বাংলাদেশ ক্রিকেটে সকলের জন্য শুভ কামনা জানাই। আমি তোমাদের মিস থাকব।’
কোচিং ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার হেড কোচ ছিলেন পোথাস। বাংলাদেশে আসার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেটের উইকেটকিপার কোচ ছিলেন।







