জার্মানির মিউনিখে রাতে পর্দা উঠছে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের। আসরে রেকর্ড ষষ্ঠবারের মতো খেলতে নামবেন মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুর আগে বলেছেন, রেকর্ড করা তার উদ্দেশ্য নয়।
নিজের প্রস্তুতি সম্পর্কে রোনালদো বলেন, ‘আমার মনে হচ্ছে আমি প্রস্তুত রয়েছি। আমাদের প্রথম খেলার আগে পাঁচ দিন বাকি রয়েছে এবং একটি ভালো শুরু গুরুত্বপূর্ণ। ফুটবলকে আমি উপভোগ করি, রেকর্ড সহজাত, সেটা আমার উদ্দেশ্য নয় স্বভাবজাতেই চলে আসে। এটা আমার ষষ্ঠ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। চেষ্টা থাকবে যেভাবেই হোক উপভোগ করা, ভালো খেলে দলকে জয় উপহার দেয়া।’
জার্মানিতে খেলতে আসা সম্পর্কে মহাতারকা বলেছেন, ‘এটা বেশ সুন্দর সময়, পুরো রাস্তা পর্তুগীজ এবং জার্মান সমর্থক দিয়ে ভরা ছিল। এটা আমাকে ১৮ বছর আগে ফিরিয়ে নিয়ে গেছে। ওই সময় আমার কিছু ভালো স্মৃতি রয়েছে, মনে হয়েছে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু বিষয়টি মধুর।’
স্বাগতিক জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে আর কয়েকঘণ্টা পর মিউনিখে ইউরো চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে। ১৯ জুন চেক রিপাবলিকের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।








