বাংলাদেশ

রাজনৈতিক দলগুলোর হাতে যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জনসমাগমের মধ্যে জুলাই সনদ বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসমাগমের মধ্যে একটি অনুষ্ঠানে জুলাই সনদ বিতরণ করা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মাধ্যমে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

আজ (১৪ অক্টোবর) মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হবে। এর আগে ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল। কমিশন জানায়, চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি, শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। এতে ৩০টি রাজনৈতিক দল অংশ নেবে, প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করে—সংবিধান, নির্বাচনব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। এসব কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন, যা ধাপে ধাপে ৩০টি দলের সঙ্গে সংলাপ করে জুলাই সনদের খসড়া প্রণয়ন করে।

জুলাই জাতীয় সনদ তিন ভাগে বিভক্ত—প্রথম ভাগে রয়েছে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব, আর তৃতীয় ভাগে রয়েছে ৭ দফা বাস্তবায়ন অঙ্গীকার।

বিষয়:ঐকমত্য কমিশন জুলাই সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…