জনপদ

বরিশালে আ.লীগের মেয়র প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম, ১০ ছাত্রলীগ কর্মী আটক

বরিশালে আ.লীগের কর্মীকে কুপিয়ে জখমের ছবি, ছাত্রলীগ কর্মীরা আহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে আ.লীগের কর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় আহত ছাত্রলীগ কর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থক ৩ কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ মে) দিনগত রাতে নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ। অভিযান পরিচালনাকারী এসআই সাইদুল হক রাত সোয়া ২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে আটক হওয়া বাকি ৯ জনের নাম জানাতে পারেননি তিনি। তবে আটককৃতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী এবং বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর অনুসারী বলে জানা গেছে।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আবদুর রহমান মুকুল জানান, রোববার রাত ৮ টার দিকে নগরীর কাউনিয়া ২ নম্বর ওয়ার্ডের কালা খান বাড়ির সামনে নৌকা প্রতীকের প্রার্থী সাদিক আবদুল্লাহর তিন কর্মীকে কুপিয়ে জখম করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না ও তার বাহিনীর বিরুদ্ধে।

হামলায় আহত হয়েছেন নগরীর ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সম্পাদক আব্দুল হালিম, জাহিদ ভুইয়া ও মনা আহমেদ। আহতরা নগরীর বাজার রোডের বাসিন্দা।

আহতদের অভিযোগ, রোববার রাতে কাউনিয়া শ্মশানে তাদের বন্ধুর লাশ দাহ শেষে ফেরার পথে মান্নাসহ ১০০ থেকে ১৫০ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় অভিযুক্তরা তিনজনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এর আগে গত ৬ মে রাত পৌঁনে একটায় বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে মিছিল করায় দুই কর্মীকে মান্নার নেতৃত্বে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

এছাড়া গত ৭ মে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নগরীর ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী মো. সোহাগ। জিডিতে মান্না ও তার ভাইসহ ১৭ জনের নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১৫ জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকির অভিযোগ করা হয়।

বিষয়:আওয়ামী লীগ প্রার্থী কুপিয়ে জখম বরিশাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…