পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪২তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই)-২০২৫ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম পবিত্র দায়িত্ব। তিনি ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, গণতান্ত্রিক পুলিশ ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অপরাধ দমনে কঠোর হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মানবিক, বিনয়ী ও বন্ধুসুলভ আচরণ করতে হবে। সেবা নিতে আসা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সর্বদা সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দ্রুত পরিবর্তনশীল অপরাধ প্রবণতার কথা উল্লেখ করে আইজিপি সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোসহ প্রযুক্তিনির্ভর বিভিন্ন অপরাধ প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল ফরেনসিক বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন।
নবীন কর্মকর্তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আইজিপি বলেন, তাদের সন্তানরা আজ থেকে রাষ্ট্রসেবার গৌরবময় দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’ এই আদর্শ ধারণ করে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।







