কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো সুযোগ নেই: পুলিশ সদর দপ্তর

Bangladesh police headquarters entrance with sign in Bengali and English, surrounded by plants. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রতারক চক্ররা চাকরি দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। এমন প্রলোভনকে এক প্রকার ফাঁদ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর জানিয়েছে এমন প্রলোভনের ফাঁদে পড়বেন না।
বৃহস্পতিবার ২ মার্চ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
এতে বলা হয়, গত ২ ডিসেম্বর ২০২২ বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ পরীক্ষা আধুনিকায়ন করে নিয়োগ পদ্ধতি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে ৭টি ধাপে সম্পন্ন করা হচ্ছে। এ সংক্রান্তে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যেতে পারে।
প্রতারকচক্রের দ্বারা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন/ফাঁদে পা না দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন ব্যক্তি কোন ধরনের প্রতারণার কৌশল অবলম্বনের খবর পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা/৯৯৯-এ জানানোর জন্য অনুরোধ করা হলো।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান জানান, কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নিজ যোগ্যতায় প্রতিটি ধাপে উত্তীর্ণ হতে হয়। এক্ষেত্রে নিয়োগ পদ্ধতির কোনো ধাপে কোনো প্রার্থীকে উত্তীর্ণ করা বা কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই।
তিনি বলেন, একজন প্রার্থী নিজ যোগ্যতায় শুধুমাত্র সরকারি ফি প্রদানের মাধ্যমে চাকরি পেয়ে থাকেন।






