শ্রীলঙ্কায় আইটিএফ এশিয়া অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছিলেন বাংলাদেশের কাব্য গায়েন। কলম্বোয় বুধবার হওয়া সেমিতে সিঙ্গাপুরের প্রতিযোগীর কাছে হেরে গেছেন তিনি। বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন।
সেমিতে কাব্য হেরেছেন সিঙ্গাপুরের পাক নিকোলাস মিংয়ের কাছে। সরাসরি ২-৬, ২-৬ সেটে হেরেছেন। হেরে আসরে আর কোনো প্রতিনিধি থাকলো না বাংলাদেশের।
আসরে ছেলেদের এককের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উঠতে কাব্য হারিয়েছিলেন স্বাগতিক লঙ্কানদের পেইরিস পাত্তিয়াজকে। প্রথম সেটে হারের পরের দুই সেটে জেতেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়।
কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশের অন্য দুই প্রতিযোগী মো. আকাশ হোসেন পাকিস্তানের মুহাম্মদ সায়ানের কাছে এবং জান্নাত হাওলাদার শ্রীলঙ্কার আনায়া জোয়ানির কাছে সরাসরি সেটে হেরে আসর থেকে আগেই বিদায় নিয়েছেন।








