সাধারণত বৃষ্টি বা অতিরিক্ত গরম, এমনকি তুষারপাতের ফলেও খেলা বন্ধ হয়। কখনও কোন প্রাণী মাঠে ঢুকে পড়লেও খানিক সময়ের জন্য খেলা বন্ধ থাকে। কিন্তু একটি প্রাণীর জন্য খেলার মাঠ একমাস বন্ধ করে দেয়ার ঘটনা বিরলই। এমনই ঘটেছে অস্ট্রেলিয়ায়। মূলত সংরক্ষিত প্রজাতির একটি পাখি সেই মাঠে ডিম পাড়ার কারণে সিদ্ধান্তটি নিয়েছে কর্তৃপক্ষ।
ক্যানবেরা থেকে ২০ মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলা ছিল। খেলোয়াড়রা যাওয়ার পর দেখেন মাঠের একদম মাঝে প্লোভার পাখি ডিম পেড়ে রেখেছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। তখন পাশের স্টেডিয়ামে খেলার আয়োজন করা হয়।
সাধারণত বাচ্চা জন্ম দেয়ার পর ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে প্লোভার পাখি। পাখিটি বাসার পাশে কাউকেই আসতে দেয় না। পাখিটি অস্ট্রেলিয়ান অঞ্চলে বিপন্ন প্রজাতির তালিকাবদ্ধ।
পাখিসংক্রান্ত কারণে জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্স সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ থাকতে পারে। কাউন্সিল জানিয়েছে, ‘দেশি প্রজাতিগুলো রক্ষায় সক্রিয় হতে হবে। ডিম সরানো প্রয়োজন হলে বিশেষজ্ঞদের আনতে হবে এবং অনুমতি নিতে হবে।’
এমন সিদ্ধান্ত নেয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় কাউন্সিল। পাশাপাশি তারা খেলা ও অনুশীলন সরিয়ে নিতে সহযোগিতা করেছে এবং কর্তৃপক্ষকে বিকল্প মাঠের ব্যবস্থা করে দিয়েছে।







