হত্যাচেষ্টা মামলার এজাহার থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন বাদী মো. বাকের।
আজ সোমবার (২১ অক্টোবর) খিলগাঁও থানার অফিসার ইনচার্জের কাছে করা আবেদন পত্রে বাদী জানান, মামলার এজাহারের ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে (৬৫) অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করিতে মর্জি হয়।
উল্লেখ্য, খিলগাঁও থানাতে জেড আই খান পান্নাসহ ১৮০ জনের বিরুদ্ধে নিজের ছেলে আহাদুল ইসলামকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন মো. বাকের।
জেড আই খান পান্নার বিরুদ্ধে করা মামলায় গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুল ইসলামকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। ঘটনার প্রায় তিন মাস পর ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় ৯৪ নম্বর নামটি জেড আই খান পান্নার।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও মানবাধিকারকর্মীর বিরুদ্ধে মামলার পর দেশজুড়ে তুমুল সমালোচনা শুরু হয়। আজ সেই হত্যাচেষ্টা মামলায় আগাম জামিন পেয়েছেন জেড আই খান পান্না।







