ক্রিকেট

মারা গেছেন প্রথম ‘নিরপেক্ষ’ আম্পায়ার

নিরপেক্ষ আম্পায়ার মাঠে, ক্রিকেট ম্যাচে নজরদারি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরপেক্ষ আম্পায়ার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালন করছেন, মাঠে নজরদারি ও সিদ্ধান্ত দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘নিরপেক্ষ’ আম্পায়ার পিলু রিপোর্টার মারা গেছেন। বয়স হয়েছিল ৮৪ বছর। মস্তিষ্ক সংক্রান্ত একটি জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন ভারতীয় সাবেক আম্পায়ার। রোববার মুম্বাইয়ে শেষনিঃশ্বাস নেন পিলু।

১৯৮৪ সালে দিল্লিতে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্টে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় পিলুর। ম্যাচে দারা দোটিওয়ালার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৮৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ‘নিরপেক্ষ’ আম্পায়ার হিসেবে টেস্টে দায়িত্ব পালন করেন পিলু। লাহোরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্টে তার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় আরেক আম্পায়ার ভি কে রামাস্বামী।

দুই দেশের খেলায় তৃতীয় কোনো দেশের আম্পায়ার দায়িত্ব পালন করা তথা নিরপেক্ষ আম্পায়ারিংয়ের ধারণাকে প্রতিষ্ঠিত করতে এই পদক্ষেপের সূচনা করেছিলেন সেসময়কার পাকিস্তান অধিনায়ক ইমরান খান। পরে ১৯৯২ সালে টেস্টে একজন নিরপেক্ষ আম্পায়ারের দায়িত্ব পালনের আইন করেছিল আইসিসি।

পিলু ১৪টি টেস্ট ও ২২টি ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার প্যানেলে ছিলেন। ওই আসরে একমাত্র ভারতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মাঠে তার নানা শারীরিক ভঙ্গিমার জন্য খেলোয়াড়, সম্প্রচারক ও দর্শকদের নিকট জনপ্রিয় ছিলেন।

বিষয়:আইসিসি পাকিস্তান ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…