হারিয়ে যাওয়া একটি পুতুলের জন্য আমেরিকান এয়ারলাইন্সের এক পাইলট টোকিও থেকে টেক্সাস পর্যন্ত পাঁচ হাজার ৮৮০ মাইল বা ৯ হাজার ৪৬২ কিলোমিটার পথ বিমান উড়িয়েছেন। মূলত ৯ বছর বয়সী এক মেয়ের হারিয়ে যাওয়া পুতুল খোঁজে দিতে এমনটি করেছেন জেমস ড্যানেন নামের আমেরিকান ওই পাইলট।
মঙ্গলবার ২৯ আগস্ট নিউ ইয়ার্ক পোস্ট এই তথ্য প্রকাশ করে। এতে বলা হয়, একটি পুতুল ও মেয়ের মাঝে ‘হ্যাপি এন্ডিং’ হলো।
প্রতিবেদনে বলা হয়, আমেরিকান এয়ারলাইন্সের পাইলট জেমস ড্যানেন মেয়েটির বাবা-মায়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে ভ্যালেন্টিনা ডমিঙ্গুয়েজের হারিয়ে যাওয়া পুতুল সম্পর্কে প্রথম জানতে পারেন।
ভ্যালেন্টিনার প্রিয় আমেরিকান গার্ল পুতুল পারিবারিক ভ্রমণের পরে নিখোঁজ হয়েছিল। তার বাবা-মা রুডি এবং সেলেস্টে ডোমিনগুয়েজ শেষবার টোকিওতে তাদের বিমানে পুতুলটিকে দেখেছিলেন। যেখানে ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণের পর টেক্সাসের প্লানোতে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সময় একটি স্টপওভার ছিল।
পরে তাদের মেয়েকে হতাশাগ্রস্ত দেখে বাবা-মা ফেসবুকে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেন। আমেরিকান এয়ারলাইন্সের পাইলট পোস্টটি দেখে সহযোগিতা করার চিন্তা করেন। পরে তিনি টোকিওর হানেদা বিমানবন্দরে তুর্কি এয়ারলাইন্সের সাথে হারিয়ে যাওয়া পুতুল নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজে পেয়েছিলেন।
গত ২১ আগস্ট পাইলট ডমিনগুয়েজ পরিবারের সাথে যোগযোগ করে পুতুলটিকে তাদের বাড়িতে নিয়ে যান। আর ভ্যালেন্টিনার কাছে পুতুলটিকে হস্তান্তর করেন।

পাইলট বলেন, ‘এটা আমার স্বভাব। আমি লোকেদের সাহায্য করতে পছন্দ করি। এটাই আমি করতে পছন্দ করি। আমি সত্যিই আনন্দিত যে আমি কারো জন্য ভালো কিছু করতে পেরেছি।’








